ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ১৯ ডিসেম্বর ২০২৪
বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে: পরিবেশ উপদেষ্টা
রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকায় মানুষ বায়ুদূষণে অসুস্থ হবে, মারা যাবে আর বাসগুলো দূষণ করবে— এটা চলতে দেওয়া হবে না। পুরোনো বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, কিছু মানুষের স্বার্থে ঢাকার সব বাসিন্দাকে বায়ুদূষণের শিকার হতে দেওয়া যাবে না। বাস মালিকদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।

Advertisement

তিনি বলেন, বায়ুদূষণ রোধে টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা ঢাকার রাস্তার ধুলা নিয়ন্ত্রণ, ভাঙা রাস্তা মেরামত ও আইন প্রয়োগে কাজ করবে। ধুলা, কালো ধোঁয়া, ইটভাটা ও কলকারখানার দূষণ কমাতে কাজ করা হবে। এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে হবে।

রিজওয়ানা হাসান আরো বলেন, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আশুলিয়াকে ইটভাটামুক্ত ঘোষণা করা হতে পারে। এয়ার পিউরিফায়ারের কর কমাতে এনবিআরকে অনুরোধ করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে হবে। তবে আইন প্রয়োগে মানুষ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক ও সিটি করপোরেশনের প্রশাসক এবং বাসমালিক সমিতির নেতারা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!