সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী শনিবার থেকে দু-তিন দিন বৃষ্টি হতে পারে। মাঝে মাঝে এমন বৃষ্টি হয়। বৃষ্টির পর থেকে সারাদেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর জানুয়ারি মাস থেকে শীতের তীব্রতা বাড়তে পারে।
.png)
চলতি সপ্তাহে তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে বলে জানান বজলুর রশীদ।
তিনি বলেন, চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ সোমবার এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আজ সোমবার থেকে আগামী দুইদিনের পূর্বাভাসে অধিদফতর জানিয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল সীতাকুণ্ডতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।