ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোটার তালিকায় গলদ রাখার সুযোগ নেই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ১৬ ডিসেম্বর ২০২৪
ভোটার তালিকায় গলদ রাখার সুযোগ নেই: প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ করা সবচেয়ে বড় কাজ। গত তিনটি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। কারো ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদের সবার নাম তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই।

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবার ভোট দেওয়া তরুণ-তরুণীরা শতকরা ১০০ ভাগের কাছাকাছি ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। সবাই মিলে আমরা যেন এ লক্ষ্যে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি।

Advertisement

জাতীয় নির্বাচনের সময় নিয়ে তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ফলে যদি অল্প কিছু সংস্কারের পর নির্ভুল ভোটার তালিকা প্রণয়ণের পরই নির্বাচন করতে হয়, তাহলে হয়তো ২০২৫ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যদি প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে হয়তো আরো ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবার আমরা প্রবাসীদের ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই। এজন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে।

এ সময় তিনি বলেন, সব কিছুই সময়সাপেক্ষ ব্যাপার।

দেশের আইনশৃঙ্খলা নিয়ে ড. ইউনূস বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। সেই টাকা এখন দেশে গোলযোগ সৃষ্টির কাজে, সংহতি বিনষ্টের কাজে ব্যবহার করা হচ্ছে।

এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!