ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮, ১২ ডিসেম্বর ২০২৪
শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
ফাইল ফটো

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত-দিনের তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়বে।

বুধবার (১১ ডিসেম্বর) অধিদফতর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

Advertisement

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এমন অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে আগামী ৭২ ঘণ্টায় ও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এরমধ্যে বুধ ও বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!