ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাগরে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, উপকূলে হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২৯ নভেম্বর ২০২৪
সাগরে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, উপকূলে হুঁশিয়ারি
ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজালে’ রূপ নিয়েছে। এর প্রভাবে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতি বৃদ্ধি পাচ্ছে ৮৮ কিলোমিটার পর্যন্ত। এটি শনিবারের মধ্যে উপকূল পাড়ি দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার আবহাওয়া অধিদফতরের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজালে’ পরিণত হয়েছে। এটি একই এলাকায় (১১.০° উত্তর অক্ষাংশ এবং ৮২.২° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

Advertisement

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!