পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ- মিথ্যা সংবাদ দেবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নাই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা (সাংবাদিক)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
.png)
সরকার পতন পরবর্তী হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে ভুয়া মামলা করতো পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিতো। এখন জনগণ দিচ্ছে ১০টা নাম ৫০টা বেনাম। তবে ভুয়া মামলায় কেউ যেন হেনস্তার শিকার না হয়, সেদিকে সরকার সজাগ রয়েছে।
তিনি বলেন, এ সম্পর্কে আমরা বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। একচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এরকম যাদের আছে কাউকে কি ধরা হইছে? মামলাটাতো আমার পুলিশ, র্যাব, আর্মি, আনসার দেয়নি। পাবলিক দিয়েছে। এজন্য আপনি যে কোনো হেনস্তার শিকার হননি, তাই আমাদের আরো ধন্যবাদ দেওয়ার কথা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনসময় ভালো ছিল? আপনারা বলেন? এই যে একটি পূজা গেল, পূজাটি কত সুন্দরভাবে হয়ে গেল। আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরো উন্নতি করা যায় এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুইদিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।
যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি, তারা আইনের দৃষ্টিতে অপরাধী উল্লেখ করে তিনি বলেন, যারা জয়েন করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান।
সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ ঘিরে ছড়ানো গুজবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জাহাজটা মিডল ইস্ট থেকে আসছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, এরপর আমাদের দেশে আসছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করবো? আমার দেশ সবার উপরে। খেজুর, পেঁয়াজ, আলু-এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দিবো না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।
চট্টগ্রামে সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে- এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার উত্তর আপনারা সবচেয়ে ভাল দিতে পারেন। আপনি এটা লেখেন- আমরা কোনকিছু কারো ক্ষতি করছি না। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উস্কানির বিষয় তো আগেই বললাম। পার্শ্ববর্তী দেশ উস্কানি দিচ্ছে। তবে পার্শ্ববর্তী দেশ বলতে কাদের বুঝানো হচ্ছে- এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি।
জুলাই হত্যাকাণ্ডে চট্টগ্রামে অন্তত ৫০ জন অস্ত্রধারীকে চিহ্নিত করা হলেও মাত্র পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব ও নগর পুলিশ। বাকিদের গ্রেফতার করতে পারেনি। এমনকি উদ্ধার করা যায়নি অস্ত্রও। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপস্থিত পুলিশ কমিশনারকে অস্ত্রধারীদের তালিকা করে তাদের গ্রেফতারে ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।