ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গুম কমিশনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৩, ৯ নভেম্বর ২০২৪
গুম কমিশনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের বৈঠক- ছবি: সংগৃহীত

গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বলপূর্বক গুমের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের জবাবদিহি করতে সব ধরনের সহায়তা করা হবে।

শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেশ কয়েকজন উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে কমিশন সদস্যদের তিনি এ প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। 

Advertisement

বৈঠকে কমিশন চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ১৬০০টি অভিযোগ পাওয়া গেছে। ৪০০টি অভিযোগ যাচাই-বাছাই করা হয়েছে এবং ১৪০ অভিযোগকারীর সাক্ষাৎকার নেয়া হয়েছে। এ বিষয়ে আরো কাজ করার আগে ডিসেম্বরের মাঝামাঝি সরকারকে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেবেন তারা।

বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার প্রয়োজনে কমিশনের মেয়াদ দুই বছর বাড়াবে এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষার জন্য আইনি ব্যবস্থা তৈরিসহ প্রয়োজনীয় আদেশ জারি করবে।

কমিশনের অন্য এক সদস্য বলেন, অভিযোগের সংখ্যা দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিশোধের ভয়ে অনেকে এখনো কমিশনে আসছেন না। এ থেকে আমরা বুঝতে পারি, ঘটনার সংখ্যা এখন পর্যন্ত যতটা রিপোর্ট করা হয়েছে তার চেয়ে অনেক বেশি।

কমিশন সদস্যরা বলেন, তারা সন্দেহ করছেন জোরপূর্বক গুমের সংখ্যা কমপক্ষে ৩৫০০ হতে পারে। কারা অপরাধ করেছে এবং কারা তাদের নির্দেশ দিয়েছে তা চিহ্নিত করার জন্য কাজ করছে কমিশন।  ভুক্তভোগীদের অনেকেই কারাগারে রয়েছেন, কেউ কেউ মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন, কারণ তাদের গ্রেফতার দেখানোর পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল। গুমের শিকার কিছু ব্যক্তি প্রতিবেশী ভারতের কারাগারে বন্দি আছেন বলে ধারণা করা হচ্ছে। তারা গোপন স্থানের আলামত রক্ষার জন্য সরকারের সহায়তা চেয়েছেন, যেখানে ভিকটিমদের লুকিয়ে রাখা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!