ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকার নদী দূষণমুক্ত করার কাজে সহায়তা করবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৫, ২০ আগস্ট ২০২৪
ঢাকার নদী দূষণমুক্ত করার কাজে সহায়তা করবে এডিবি
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বুড়িগঙ্গা, তুরাগ, এবং বালুসহ গুরুত্বপূর্ণ নদীগুলোর জন্য নিম্ন-ব্যয়ের দূষণমুক্তকরণ প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা করবে। এছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ জলবায়ু কর্মপরিকল্পনা বাস্তবায়নেও এডিবি সহায়তা করবে।

মঙ্গলবার সচিবালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বৈঠকে পরিবেশ সুরক্ষা কার্যক্রমে বেসরকারি খাত ও যুবসমাজকে যুক্ত করার গুরুত্বের ওপর জোর দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উল্লেখ করেন এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় এডিবির সহায়তা চান।

Advertisement

সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে বিভিন্ন পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত প্রকল্পে এডিবির চলমান সহায়তার প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের সহিষ্ণুতার ক্ষমতা শক্তিশালী করার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অব্যাহত সহযোগিতার ওপর জোর দেন। তিনি এই চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলার জন্য উদ্ভাবনী পন্থা এবং অর্থায়ন ব্যবস্থা উল্লেখ করেন।

এডিমন গিন্টিং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য এডিবির প্রতিশ্রুতি পুনরায় উল্লেখ করেন। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে নদী পরিষ্কারের প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দেন এবং তাদের উদ্যোগগুলো সম্প্রসারণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এডিমন গিন্টিং পরিবেশ উপদেষ্টাকে ১৭-১৮ সেপ্টেম্বর ফিলিপাইনে এডিবি সদর দফতরে অনুষ্ঠিতব্য ক্লাইমেট অ্যাডাপ্টেশন ইনভেস্টমেন্ট প্ল্যানিং ফোরামের উচ্চ পর্যায়ের সেশনে বক্তা হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!