ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিজিবির তত্ত্বাবধানে সীমান্তবর্তী ২১ থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ৯ আগস্ট ২০২৪
বিজিবির তত্ত্বাবধানে সীমান্তবর্তী ২১ থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ও যশোর রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের সীমান্তবর্তী ১১টি থানা এবং খুলনা রেঞ্জের সীমান্তবর্তী ১০টি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির নিরাপত্তায় এরই মধ্যে রংপুর রেঞ্জের সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা, লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম থানা, ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা, পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া থানা, কুড়িগ্রামের ফুলবাড়ি, রৌমারী, চর-রাজিবপুর, কচাকাটা ও ঢুষমারা থানাসহ ১১টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া খুলনা রেঞ্জের সীমান্তবর্তী যশোরের বেনাপোল পোর্ট থানা, সাতক্ষীরার কালীগঞ্জ, দেবহাটা ও কলারোয়া থানা, চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর থানা, মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানাসহ ১০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বাড়াতে সীমান্ত ও সীমান্তের আশপাশের জনপদসহ সীমান্তবর্তী থানাগুলোতে বিজিবির নিরাপত্তা জোরদার করেছে। থানাগুলোতে নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি মোবাইল সেবা চালু করা হয়েছে। বিজিবির এ কার্যক্রমের ফলে এরই মধ্যে সীমান্ত ও সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা এবং জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। সীমান্তবর্তী থানাগুলোতে বিজিবির নিরাপত্তা জোরদারের ফলে এরই মধ্যে থানার স্বাভাবিক কার্যক্রমেও গতি ফিরতে শুরু করেছে। জনগণ বিভিন্ন সেবার জন্য থানায় যাওয়া-আসা শুরু করেছে।
 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!