ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কোটা আন্দোলন: দুদিনে ২৫ অগ্নিকাণ্ড, ঢাকায় ১৫টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ১৮ জুলাই ২০২৪
কোটা আন্দোলন: দুদিনে ২৫ অগ্নিকাণ্ড, ঢাকায় ১৫টি
ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশে ২৫টি সহিংসতার আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুদিনের এসব ঘটনার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৫টি আগুনের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার (১৭ জুলাই) ও বৃহস্পতিবার (১৮ জুলাই) সহিংসতার আগুনের মধ্যে নারায়ণগঞ্জ একটি, গাইবান্ধা জেলায় দুটি, রংপুর সিটিতে দুটি, কুষ্টিয়ায় একটি, সিরাজগঞ্জে একটি, বরিশালে একটি, নাটোরে একটি, মাদারীপুরে একটি ও ঢাকা সিটিতে ১৫টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Advertisement

এসব অগ্নিকাণ্ডে ছয়টি বাস, দুটি মাইক্রোবাস, ২০টি মোটরসাইকেল, দুটি রাজনৈতিক দলের অফিস ও একটি টোল প্লাজা, একটি থানা, একটি পুলিশ বক্স, একটি পুলিশের গাড়ি ও দুটি সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে মোট ১৫টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ১১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকা সিটি এলাকায় ঘটে।
 
এসব অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪২টি ইউনিট ও ২২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন সদস্য আহত হন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা নিয়ে দেশের আপামর শিক্ষার্থীরা কয়েকদি ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে আন্দোলন করছে। এই আন্দোলনে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!