ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ট্রেনের সার্ভারে ২ কোটি হিট, ৩ মিনিটেই টিকিট শেষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩০, ৩ জুন ২০২৪
ট্রেনের সার্ভারে ২ কোটি হিট, ৩ মিনিটেই টিকিট শেষ
ফাইল ফটো

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে দেওয়া হচ্ছে ১৩ জুনের টিকিট। এদিন পশ্চিমাঞ্চলের ১৬ হাজার টিকিটের জন্য সার্ভারে হিট হয়েছে প্রায় ২ কোটি বার। শুরু না হতেই শেষ হয়ে যায় সব টিকিট। ফলে হতাশ হয়েছেন বহু টিকিটপ্রত্যাশী।

সোমবার সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। ১৩ জুনের টিকিট বিক্রির শুরুতেই কাঙ্ক্ষিত আসন পেতে হামলে পড়েন যাত্রীরা। পশ্চিমাঞ্চলের ১৬ হাজার টিকিটের জন্য সার্ভারে হিট হয় ১ কোটি ৯০ লাখ বার।

বরাবরের মতো এদিনও অনলাইন বিড়ম্বনার কথা তুলে ধরেন টিকিটপ্রত্যাশীরা। কামরুল হোসেন নামে এক টিকিটপ্রত্যাশী বলেন, সকাল ৮টা থেকেই অনেকক্ষণ ধরে টিকিট কাটতে চেষ্টা করেছি। টিকিট দেখায় কিন্তু ক্লিক করলে জিরো দেখায়। বলা হচ্ছে, সার্ভারের সমস্যা। কিন্তু অনেকেই তো টিকিট পাচ্ছেন। কি হচ্ছে, বুঝতে পারছি না।

Advertisement

আশরাফুল ইসলাম নামে একজন বলেন, টিকিট কাটতে সকাল থেকেই প্রস্তুত ছিলাম। ৮টা বাজার সঙ্গে সঙ্গেই চেষ্টা শুরু করি। কিন্তু টিকিট কাটা সম্ভব হয়নি। ২ থেকে ৩ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ব্যাপক চাহিদা থাকায় ১৩ তারিখের টিকিট নিমেষেই বিক্রি হয়ে যায়। রেলের সক্ষমতার তুলনায় বিপুল চাহিদা থাকায় টিকিট পাননি অনেকেই।

দুই অঞ্চল মিলে ৪৩টি আন্তঃনগর ট্রেনের সাড়ে ৩২ হাজার টিকিট বিক্রি হচ্ছে সোমবার। আগামী ৬ জুন শেষ হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, আর যাত্রা শুরু হবে ১২ জুন থেকে। এছাড়া ফিরতি যাত্রা শুরু হবে ২০ জুন থেকে, সেই টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!