ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজে বেসরকারি এজেন্সিগুলোর অব্যবস্থাপনা, সতর্ক করল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১, ১৫ মে ২০২৪
হজে বেসরকারি এজেন্সিগুলোর অব্যবস্থাপনা, সতর্ক করল মন্ত্রণালয়
ফাইল ফটো

চলতি বছর বাংলাদেশ থেকে হজের ফ্লাইট এরই মধ্যে শুরু হয়েছে। তবে বেসরকারি এজেন্সিগুলোর নানা অব্যবস্থাপনা চলছে বলে অভিযোগ করেছে সৌদি সরকার। এ কারণে এজেন্সিগুলোকে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। 

এক পরিপত্রে হজ ফ্লাইট ডাটা যথাসময়ে এন্ট্রি করার জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি হজযাত্রীদের কাছ থেকে কোরবানির অর্থ না নেয়ার জন্যও তাদের সতর্ক করা হয়েছে। 

এ ছাড়া হজযাত্রীদের মাধ্যমে জর্দার কার্টুন না পাঠানোসহ কিছু বিষয়ে হজ এজেন্সিগুলোকে হুঁশিয়ার করেছে মন্ত্রণালয়।

Advertisement

গত ১২ মে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুর রহমান ঘ্যানামের সঙ্গে সভা সৌদিস্থ বাংলাদেশ হজ অফিস, মক্কা ও জেদ্দার কর্মকর্তা এবং হজ এজেন্সির মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সৌদির পক্ষ থেকে বাংলাদেশি হজ এজেন্সির নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তুলে ধরা হয়। 

সভায় সৌদি আরবের পক্ষ থেকে হজ এজেন্সির ফ্লাইট ডাটা সঠিকভাবে ও নিয়মিত সৌদি ই-হজ সিস্টেমে এন্ট্রি না দেয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। এতে বলা হয়, হজ ফ্লাইট ডাটা এন্ট্রি না দেয়ার কারণে মদিনা ও জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য জানতে পারছে না সৌদি কর্তৃপক্ষ। ফলে কোন ফ্লাইটে কতজন হজযাত্রী আসছে, তারা কোন মোয়াল্লেমের হজযাত্রী এবং কোন হোটেল বা বাড়িতে তাদের আবাসন ইত্যাদি বিষয়ে সমস্যা হচ্ছে। 

এ ছাড়া হজযাত্রী ও তাদের লাগেজ পরিবহনের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। মোয়াল্লেমের প্রতিনিধিও হোটেল বা বাড়িতে সার্ভিস দেয়ার জন্য উপস্থিত থাকছে না। এ কারণে হজযাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না এবং রুট-টু-মক্কার সুবিধা থেকে হজযাত্রীরা বঞ্চিত হচ্ছেন। 

এ সভায় হজ ফ্লাইট যাত্রা শুরুর আগেই সঠিকভাবে ফ্লাইট ডাটা সৌদি ই-হজ সিস্টেমে এন্ট্রি করার অনুরোধ করা হয়। অন্যথায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

সভায় আরো অভিযোগ করা হয়, হজ প্যাকেজে উল্লেখ থাকা সত্ত্বেও অনেক এজেন্সি হজযাত্রীদের কাছ থেকে হজে যাওয়ার আগে কোররবানি বাবদ অর্থ নিচ্ছেন। কিন্তু হজযাত্রী তার ইচ্ছা মাফিক সৌদি সরকারের ব্যাংকের কুপন কিনে বা তার নিজের ব্যবস্থাপনায় কোরবানি সম্পন্ন করবেন। এজেন্সি কোনোভাবেই কোরবানির টাকা নিতে পারবে না। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া অনেক এজেন্সি হজযাত্রীদের সাথে হজ গাইড বা প্রতিনিধি না পাঠানোর কারণে হজযাত্রীরা বিড়ম্বনায় পড়ছেন। এদিকে এখনো পর্যন্ত হজযাত্রীদের ভিসার আবেদন না করায় ছয়টি এজেন্সিকে শোকজ করেছে ধর্মমন্ত্রণালয়। এ ছাড়া হজ ফ্লাইট বুকিং এখনো শতভাগ সম্পন্ন না হওয়ায় এজেন্সিগুলোকে সতর্ক করেছে মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!