ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপদাহের মধ্যে নতুন দুঃসংবাদ আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ২০ এপ্রিল ২০২৪
তাপদাহের মধ্যে নতুন দুঃসংবাদ আবহাওয়া অফিসের
ফাইল ফটো

প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে নতুন দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে করে দেশব্যাপী গরমের ভোগান্তি আরো বাড়বে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Advertisement

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

এদিকে রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।

দেশের ১৩ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এটিই চলতি গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। খুলনা বিভাগের সবগুলো স্টেশনেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ বইছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!