ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের দিনসহ চলতি মাসে যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৪, ৬ এপ্রিল ২০২৪
ঈদের দিনসহ চলতি মাসে যেমন থাকবে আবহাওয়া
ফাইল ফটো

ঢাকাসহ দেশের চার বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। এজন্য এসব এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। এপ্রিলে হালকা বৃষ্টি হলেও মাসজুড়েই গরমের দাপট থাকবে। আর ঈদের দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। ভৌগোলিক অবস্থা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির পরিসংখ্যানও বছরের পর বছর বেরিয়ে আসছে। ২০২৩ সাল এখন পর্যন্ত রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর ছিল।

এদিকে আগামীকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। তবে হালকা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমবে না। আর ঈদের সময় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি। রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হবে। এপ্রিলজুড়েই সারাদেশে তাপপ্রবাহ থাকবে।

Advertisement

জানা গেছে, এপ্রিল উষ্ণতম মাস। এ সময় তাপমাত্রা এমনিতেও বেশি থাকে। কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করার জন্য বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দরকার। যখন ঝড় হয়, তখন ভারী বৃষ্টি হয়। বৃষ্টি হলে তাপমাত্রা আর বাড়ে না। কিন্তু ৮-৯ এপ্রিলের আগে ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

অনেকদিন ধরে তাপপ্রবাহ হলে কোনো কোনো এলাকার বায়ুর চাপ কমে যায়। বায়ুর চাপ কমলে সাগর থেকে আসা জলীয়বাষ্প বাতাসের কোথাও জড়ো হতে শুরু করে এবং তখন সেখানে বজ্রমেঘ তৈরি হয়। পরবর্তী সময়ে সেই মেঘ বৃষ্টিপাত ঘটায়।

এদিকে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। গত বছর রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ এপ্রিল, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপপ্রবাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!