ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জলবায়ু ফান্ডের অর্থায়নে গবেষণা প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে: পরিবেশ সচিব 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ২ জানুয়ারি ২০২৪
জলবায়ু ফান্ডের অর্থায়নে গবেষণা প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে: পরিবেশ সচিব 
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (বিসিসিটি) অর্থায়নে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে গবেষণামূলক ও উদ্ভাবনী প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া অধিক জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় যেন প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প গ্রহণ করা যায়, তার যথাযথ উদ্যোগ নেয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন-কানুন, নীতিমালা, বিধিমালা প্রয়োজনীয় সংশোধন করা হবে। 

মঙ্গলবার সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাস্তবায়িত ৪৫টি প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের নিমিত্তে  জাতীয় পর্যায়ের কর্মশালায় এসব কথা বলেন তিনি।

পরিবেশ সচিব বলেন, বিসিসিটির কার্যক্রমকে জনগণের কাছে আরো গ্রহণযোগ্য করতে বিশেষজ্ঞগণের সুপারিশের ভিত্তিতে বিসিসিটি এবং মন্ত্রণালয় অবিলম্বে কিছু পদক্ষেপ গ্রহণ করবে। এই রিপোর্টের ভিত্তিতে প্রকল্প সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

Advertisement

এ সময় জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প শেষ হওয়ার পরেও উদ্যোগী সংস্থাকে এ ধরনের কার্যক্রম চালিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত প্রমুখ।

অনুষ্ঠানে পরামর্শক টিমের সদস্যরা এবং উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি দফতর সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: পরিবেশ সচিব
লিংক সফলভাবে কপি হয়েছে!