ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শীত পুরোপুরি নামবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৫, ৩০ ডিসেম্বর ২০২৩
শীত পুরোপুরি নামবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর
ফাইল ফটো

প্রতি বছর শীতের প্রকোপ বাড়তে শুরু করে ডিসেম্বর মাস থেকে। কিন্তু এবার ডিসেম্বর শেষ হয়ে গেলেও শীতের দেখা নেই। এ বছর পুরোপুরি শীত নামবে কবে তা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ বিষয়ে আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান বলেছেন, এখন তাপমাত্রা যেটা থাকার কথা তার চেয়ে বেশি রয়েছে। এটা প্রত্যাশিতই ছিল। ফোরামে আমরা আগেই আলোচনা করেছি যে, এবার ওয়ার্ম উইন্টার হবে।

এর কারণ হিসেবে এই আবহাওয়াবিদ বলেন, আবহাওয়ায় এল নিনো সক্রিয় থাকলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উষ্ণতা বাড়ে। যা সামগ্রিক তাপমাত্রাও বাড়িয়ে দেয়। এখন স্ট্রং এল নিনো চলছে, এটা থাকলে সাধারণত উপমহাদেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, আমরা সেটারই প্রতিফলন দেখছি।

Advertisement

কুয়াশা ভেদ করে সূর্য উঠে যাচ্ছে খুব সকালেই। সে কারণেই সর্বনিম্ন তাপমাত্রাও খুব একটা নামছে না। আর এই সময়টায় তাপমাত্রা সাধারণত উঠানামা করলেও এবার এল নিনোর প্রভাবে সেটাও দেখা যাচ্ছে না।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী অন্তত ৭ থেকে ১০ দিনে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরে এখনো শৈত্যপ্রবাহ হয়নি তাই জানুয়ারিতে স্বাভাবিকভাবেই একটা শৈত্যপ্রবাহ হবে এমন প্রত্যাশা করা যায়। কিন্তু এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি।

আবহাওয়াবিদ কামরুল হাসান জানান, আগামী ১০ দিনে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা আছে। কারণ এই সময়ে ঘন কুয়াশা নামবে। এরইমধ্যে উত্তরাঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে। এটা মূলত দিল্লি থেকে বাংলাদেশে ঢুকছে। আগামী দুই-তিন দিনে এই কুয়াশা আরো বাড়বে। আর কুয়াশা বাড়লে সূর্য উঠতেও দেরি হবে। এতে সর্বোচ্চ তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।

কামরুল হাসান বলেন, শীতের সময় দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে হয় সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু কুয়াশা যদি ১২টার আগেই কেটে যায় তাহলে তাপমাত্রা বেড়ে যাবে। কুয়াশার ওপর নির্ভর করেই তাপমাত্রা কমবে বা বাড়বে।

তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে এখন তাপমাত্রা এমনতিও বেড়ে যাচ্ছে। এবারে যুক্ত হয়েছে এল নিনোর প্রভাব। তাই সর্বোচ্চ তাপমাত্রা কমলেও, সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি নিচে নামার সম্ভাবনা নেই। ফলে এবার শীতের প্রকোপও হয়তো খুব বেশি মারাত্মক হবে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!