ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাংবাদিকরাই আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা সুলতানা 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৩
সাংবাদিকরাই আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা সুলতানা 
শনিবার নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। ছবি: ডেইলি বাংলাদেশ

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের চোখই আমাদের সিসি ক্যামেরা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। 

শনিবার নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বেগম রাশেদা সুলতানা।

ইসি রাশেদা সুলতানা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন।

Advertisement

তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের আর ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের। আশা করি, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে। কারো অবহেলা থাকলে তাকে শাস্তির আওতায় আনা হবে। কারোর কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, ভোটের সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিবেশ আরো উন্নত হবে। সবাইকে আইন সম্পর্কে সচেতন থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!