ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডায়মন্ড ক্রয়ে ক্রেতাদের সতর্ক করল বাজুস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৩, ১৮ ডিসেম্বর ২০২৩
ডায়মন্ড ক্রয়ে ক্রেতাদের সতর্ক করল বাজুস
ফাইল ফটো

হীরা বা ডায়মন্ডের অলংকার ক্রয়ে প্রতারণা এড়াতে সারা দেশে ক্রেতাদের অধিক সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুস কার্যালয়ে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং আয়োজিত ‘অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণন নির্দেশিকা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

বাজুস জানায়, বাজুসের সদস্য প্রতিষ্ঠান ডায়মন্ড হাউসের নাম ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের একাধিক স্থানে একটি অসাধু চক্র নিত্য-নতুন শো রুম খুলেছে। এসব শো রুমের নাম দেওয়া হচ্ছে ডায়মন্ড হাউস, যা প্রকৃত অর্থে প্রতারণা।

Advertisement

বাজুস সদস্য প্রতিষ্ঠান ডায়মন্ড হাউসের শো রুম শুধু রাজধানীর বসুন্ধরা সিটিতে রয়েছে। কিন্তু প্রতারক চক্রের দ্বারা পরিচালিত ভুঁইফোঁড় ডায়মন্ড হাউস নামে শো রুম রাজধানীর পিংক সিটি, ধানমন্ডির মেট্টো শপিংমল, শান্তিনগরের টুইন টাওয়ার, ফরচুন শপিংমল, উত্তরার রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে রয়েছে।

একটি প্রতারক চক্রের দ্বারা পরিচালিত ভুঁইফোঁড় ডায়মন্ড হাউস নামে শো রুম থেকে ক্রেতারা অলংকার ক্রয় করে প্রতারিত হলে, তার দায় বাজুস নেবে না। ভুঁইফোঁড় ডায়মন্ড হাউস নামে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন- প্রয়োগকারী সংস্থাগুলোকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।

বাজুসের সহসভাপতি এম এ হান্নান আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাজুস সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, সংগঠনের সহসভাপতি মো. রিপনুল হাসান, মাসুদুর রহমান ও সমিত ঘোষ অপু প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!