ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিন্ডিকেট ভাঙতে না পারলে আলুও আমদানি করা হবে: ভোক্তা অধিদফতরের ডিজি

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৩
সিন্ডিকেট ভাঙতে না পারলে আলুও আমদানি করা হবে: ভোক্তা অধিদফতরের ডিজি
রংপুর নগরীর হাজীরহাট চেয়ারম্যানের মোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে আমরা ডিমের মতো আলু আমদানিরও সুপারিশ করবো।

বুধবার রংপুর নগরীর হাজীরহাট চেয়ারম্যানের মোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় সেখানে অসংগতি পাওয়ায় দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তারা হলেন- আরমান কোল্ড স্টোরেজের এজিএম রেজাউল করিম লেবু, আলু ব্যবসায়ী রাসেল।

ভোক্তা সংরক্ষণ অধিদফতরের ডিজি বলেন, কোল্ড স্টোরেজে আলুর দাম ২৭ টাকা নির্ধারণ করে হয়েছে। তারপরও অসাধু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজের কর্মকর্তারা সিন্ডিকেট করে আলুর বাজার অস্থির করছেন। আমরা এসব সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। আরো ৩-৪ দিন দেখবো। এরমধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলু আমদানিরও সরকারের কাছে সুপারিশ করবো।

Advertisement

আরমান কোল্ডস্টোরেজ প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, এখানে রাসেল নামে এক ব্যক্তি নিজের উৎপাদিত আড়াই হাজার বস্তা আলু ও স্থানীয় কৃষকদের সাড়ে বারো হাজার বস্তাসহ মোট ১৫ হাজার বস্তা আলু নিজের নামে রেখেছেন। এভাবে অন্যের আলু নিজের নামে রেখে সিন্ডিকেট গড়ে তুলেছেন রাসেল।

‘এছাড়া কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ব্যাংক থেকে ৪ কোটির বেশি টাকা লোন নিয়ে কৃষকদের দিয়েছেন। কী উদ্দেশ্যে লোন নিয়ে কৃষকদের দিয়েছেন তা খতিয়ে দেখতে এবং রাসেল ও কোল্ড স্টোরেজের জিএম রেজাউল করিম লেবুর সিন্ডিকেট বিষয়ে অধিকতর তদন্তের জন্য তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।’

সফিকুজ্জামান বলেন, আরমান কোল্ডস্টোরেজে এখনো পর্যাপ্ত আলু মজুত রয়েছে। আলু বের করার সময় আর দেড় থেকে দুই মাস। এ সময়ের মধ্যে আলু বের না করা হলে আলু পচে যাবে। এরপরও সিন্ডিকেট ব্যবসায়ীরা আলু বের না করে মজুতের দিকে ঝুঁকছেন।

ভোক্তা অধিদফতরের ডিজি কোল্ড স্টোরেজ থেকে ২৭ টাকা কেজি দরে আলু কিনতে বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের আহ্বান জানান।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলামসহ ভোক্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!