ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩
বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস
ফাইল ফটো

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়া বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়। এর প্রভাবে দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
 
এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Advertisement

একই বার্তায় তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর এবং বান্দরবানে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৮৪ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!