ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকা ও চট্টগ্রামের উপ-নির্বাচন পর্যবেক্ষণে ৪ সংস্থাকে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ৮ জুলাই ২০২৩
ঢাকা ও চট্টগ্রামের উপ-নির্বাচন পর্যবেক্ষণে ৪ সংস্থাকে অনুমোদন
ফাইল ফটো

ঢাকা-১৭ এবং চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন পর্যবেক্ষণে চারটি সংস্থাকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পর্যবেক্ষকদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে ইসি। এসব সংস্থার সংশ্লিষ্টদের জন্য পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার ইস্যু করতে এ দুই আসনের রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

শনিবার এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ এবং ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন প্রণীত স্থানীয় পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ ও সংশ্লিষ্ট আইন মেনে ঢাকা-১৭ আসনের নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং যুব উন্নয়ন সংস্থার ৭ জন করে মোট ২১ জন এবং চট্টগ্রাম-১০ আসনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বিবি আছিয়া ফাউন্ডেশনের ৭ জন করে মোট ১৪ জন স্থানীয় পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

Advertisement

পর্যবেক্ষকদের যেসব নির্দেশনা মানতে হবে
রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক স্থানীয় পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ অনুযায়ী যাচাই-বাছাই করে অনুমোদিত পর্যবেক্ষক সংস্থাকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করতে হবে।

নির্বাচন কমিশন থেকে অনুমোদিত পর্যবেক্ষক সংস্থার প্রত্যেক পর্যবেক্ষকের জন্য ইও-২  ফরম, ইও-৩ ফরম, এসএসসি সনদের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবিসহ একটি আবেদন রিটার্নিং অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দেবেন।

রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার এসব তথ্যাদি নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ অনুযায়ী যাচাই বাছাই করে সংস্থাভিত্তিক কমিশন থেকে অনুমোদিত বৈধ পর্যবেক্ষকদের তালিকা প্রস্তুত করবেন এবং তাদের নির্বাচন কমিশনের নির্ধারিত পরিচয়পত্র প্রদান করবেন। কোনো পর্যবেক্ষক যদি কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কিংবা স্থানীয় কমিটির পদাধিকারী হন কিংবা স্থানীয় নির্বাচনী এজেন্ট, প্রচারণা কমিটি, পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তাহলে তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে কোন কার্ড ইস্যু করা যাবে না।

পর্যবেক্ষকগণ অনধিক ৫ জন একত্রে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এজন্য তাদের নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা গাড়ির স্টিকার সরবরাহ করতে হবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা স্টিকারযুক্ত গাড়িতে অনুমোদিত পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না। নির্ধারিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যু করে তা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং তা নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে।

প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার অন্যান্য নির্বাচনী মালামাল সংগ্রহের সময় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা হতে সংগ্রহ করতে হবে।

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!