ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দ্বিতীয় দিনে ৭ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৪৬৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ২২ মে ২০২৩
দ্বিতীয় দিনে ৭ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৪৬৯ হজযাত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ৯টি ফ্লাইটে ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৭টি ফ্লাইটে ২ হাজার ৭০৯ জন ও দুটি বেসরকারি ফ্লাইটে ৭৬০ জন হজযাত্রী সৌদি পৌঁছান।

এদিকে হজযাত্রার প্রথম দিন ভিসা জটিলতায় আটকে যাওয়া ১৪০ জন যাত্রীর ভিসা হওয়ায় তারাও সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প সূত্রে আরো জানা গেছে, সোমবার হজযাত্রার দ্বিতীয় দিনে ৭টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৫টি ও দুটি বেসরকারি ফ্লাইটে প্রায় ২ হাজার ৫১১ জন হজযাত্রী পবিত্র মক্কা নগরীতে পৌঁছাবে।

Advertisement

গত শনিবার দিনগত রাত (রোববার ভোর) ৩টা ২০ মিনিটে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। প্রথম ফ্লাইটে ৪১৫ হজযাত্রী সৌদি আরব পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের হজ ফ্লাইট বিজি-৩০০১-এ এসব হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো অসুবিধা নাই। ভিসা বা অন্যকোনো জটিলতা এখন আর দেখছি না। নির্দিষ্ট সময়ে আমাদের ফ্লাইট ছেড়ে যাচ্ছে। হজযাত্রী রেডি আছে, ভিসা প্রকিউর হয়েছে।

হজ অফিস জানায়, সোমবার পর্যন্ত ৩১ হাজার ৪৬৪ হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ৩১৯টি ফ্লাইটে হজ পালনে সৌদি আরব যাবেন ১ লাখ ২০ হাজার ৯৯৪ জন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ২৫৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ১০ হাজার ৭৪১ জন। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৭৭ জনের ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ৮৮৭ জনের ভিসা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!