ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনের সময় ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবো: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ১৮ মে ২০২৩
নির্বাচনের সময় ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবো: আইজিপি
নির্বাচন ভবনে পাঁচ সিটি নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বৈঠক শেষে কথা বলেন পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন- ছবি: সংগৃহীত

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যে নির্দেশনা দিয়েছে, সবার কাছ থেকে তথ্য নিয়েছে ও সহযোগিতা চেয়েছে আমরা আমাদের সহযোগিতা দেওয়ার বিষয়ে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবো।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে পাঁচ সিটি নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বৈঠক শেষে তিনি একথা বলেন।

পাঁচ সিটি ভোটের পুলিশের প্রস্তুতি নিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ইসির জারি করা পরিপত্রের আলোকে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সব কার্যক্রম গ্রহণ করা হবে। প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যখন যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তখন সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

তিনি বলেন, নির্বাচন কমিশন সবার জন্য সমানভাবে কাজ করে একটি নির্বাচনে যা যা দরকার সে অনুযায়ী নির্দেশনা দিয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছি।

স্থানীয় প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ পক্ষপাত দুষ্ট আচরণ করে এমন অভিযোগের বিষয়ে পুলিশপ্রধান বলেন, আমি এমনটি মনে করি না। আইন অনুযায়ী আমাদের যে দায়িত্ব, দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছি এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন করা দরকার, আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করছি।

পাঁচ সিটি ভোটে কোনো চ্যালেঞ্জ আছে কি না- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বৈঠকে আমরা গোয়েন্দা সংস্থার কথাবার্তা শুনেছি, ঐরকম কোনো কথা কেউ বলেননি। আমরা আশা করছি একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমরা প্রত্যেকটা বিষয় গুরুত্ব সহকারে বিবেচনায় নিই। আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি যা কিছু আছে সবকিছু বিবেচনায় নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি। ভোটাররা নিঃসন্দেহে নির্ভয়ে ভোট দিতে পারবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র‌্যাব, বিজিবি ও আনসারের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!