ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী, শিলাবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ৩১ মার্চ ২০২৩
৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী, শিলাবৃষ্টির শঙ্কা
ফাইল ফটো

দেশের বিভিন্ন স্থানে ৮০ কিলোমিটারের বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এজন্য দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেওয়া সতর্কবাণীতে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরো বেশি বেগে কালবৈশাখী ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Advertisement

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলীতে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!