ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মার্চেই ভয়ংকর কালবৈশাখী, যা বললেন গবেষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫১, ৮ মার্চ ২০২৩
মার্চেই ভয়ংকর কালবৈশাখী, যা বললেন গবেষক
ফাইল ফটো

চলতি মাসেই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার আশঙ্কা (৭০ থেকে ৮০ শতাংশের বেশি) রয়েছে। 

সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ অতি সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। 

ঐ পোস্টে আগামী ১৫ মার্চ থেকে ১৯ শে মার্চ পর্যন্ত ভয়ংকর কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা তিনি জানান। তার মতে, সবচেয়ে বেশি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ১৭ ও ১৮ মার্চ। ১৫ মার্চের আগেই দুই একটি জেলায় বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হতে পারে। তবে দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।

Advertisement

মোস্তফা কামাল ঐ পলাশ পোস্টে উল্লেখ করেন, কালবৈশাখী ঝড়ের কারণে ঐ সময়ে দেশের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর। সবচেয়ে বেশি বজ্রপাত ঝুঁকি রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 

তিনি বলেন, ঐ সময়ে ঢাকা শহরের ওপর দিয়েও কালবৈশাখী ঝড় অতিবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যেহেতু সম্ভাব্য কালবৈশাখী ঝড়টি এই মৌসুমের প্রথম ঝড় হবে তাই সম্ভাব্য এই ঝড় থেকে বৃষ্টি অপেক্ষাকৃত কম হবে, তবে প্রচণ্ড রকমের ধূলিঝড় হবে বলে তিনি জানান।

কৃষকদের পরামর্শ দিয়ে পোস্টে তিনি বলেন, আলু ও সরিষা তুলে ফেলার মতো হলে তা দ্রুত মার্চের ১৪ তারিখে মধ্যে তুলে ফেলা উত্তম হবে। অন্যান্য কৃষি শস্যের জন্য আপনার এলাকার কৃষি অফিসার বা ব্লক সুপারভাইজারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কালবৈশাখী
লিংক সফলভাবে কপি হয়েছে!