ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

সুসংবাদের সঙ্গে দুঃসংবাদও জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৩:১৫, ১৪ জুন ২০২২
সুসংবাদের সঙ্গে দুঃসংবাদও জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

দেশের কয়েক জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের আভাসও রয়েছে ।

মঙ্গলবার রাতে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

তিনি আরো জানান, যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, বৃহস্পতিবার  নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

অন্যদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!