মহাসড়কে যানজট মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছি: সড়ক পরিবহন সচিব
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, ঈদে গাজীপুরের মহাসড়কে দুরবস্থা থাকার কোনো সম্ভাবনা নেই। মহাসড়কে যানজট মোকাবিলায় সমন্বিতভাবে ব্যবস্থা নিচ্ছি। আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুম থাকবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করব।
শনিবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে ভোগড়া বাইপাস এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সচিব নজরুল ইসলাম বলেন, ভিজিলেন্স টিম সরেজমিনে এ মহাসড়ক দেখে গেছে। মহাসড়কের কোথায় কোথায় খানাখন্দ আছে বা সমস্যা আছে তা আমরা চিহ্নিত করছি। সেগুলো সংস্কার-সমাধান করা হচ্ছে। গাজীপুরের বিআরটি প্রকল্প যেহেতু একটি চলমান প্রক্রিয়া- এতে কাজ চলাকালীন কিছু সমস্যা হবেই। আমরা ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বিতভাবে চেষ্টা চালাচ্ছি যাতে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ না হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সওজ’র প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সফিকুল ইসলাম, বিআরটি প্রকল্প পরিচালক মো. ইলিয়াস শাহ ও মহিরুল ইসলাম খান, সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. সবুজ উদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম নূর ই আলম, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, গাজীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন প্রমুখ।