বাণিজ্য মেলায় যেতেও লাগবে টিকা
করোনার সংক্রমণ বাড়তে থাকায় সরকার কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। এর অংশ হিসেবে টিকা নেয়া ছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়া যাবে না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বাড়ির বাহিরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। টিকা ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। কোভিড সংক্রমণ আরো বাড়লে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে।
আরো পড়ুন: বুস্টার ডোজের বয়সসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে যেতে হবে। টিকার সার্টিফিকেট ছাড়া যাওয়া যাবে না বইমেলাতেও। দুই একদিনের মধ্যে এ বিষয়ে সার্কুলার জারি করা হবে।
গত কয়েকদিন ধরে দেশে করোনাভাইরাসের শনাক্ত সংখ্যা ও হার বাড়ছে। ২৪ ঘণ্টার হিসেবে বুধবার করোনার সংক্রমণ ধরা পড়ে ৮৯২ জনের দেহে, যা গত ২৯ সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ। এদিন শনাক্তের হার ছিল হার ৪ দশমিক ২০, যা ২৮ সেপ্টেম্বরের পর সবচেয়ে বেশি।
আরো পড়ুন: দুই ডোজ টিকা ছাড়া মিলবে না যেসব সেবা
এর মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনও দেশে শনাক্ত হয়েছে। এই ধরন অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই করোনার নতুন ঢেউ নিয়ন্ত্রণে আগেভাগেই সতর্ক অবস্থানে রয়েছে সরকার।