ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩১, ২৯ অক্টোবর ২০২১
দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে মেট্রোরেল
ফাইল ছবি

স্বপ্নের মেট্রোরেলের লাইন এবার যাবে তুরাগ নদীর তলদেশ দিয়ে। সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রুটের লাইনটি গাবতলী থেকে নদীর তলদেশে ঢুকবে।

‘এমআরটি লাইন-৫ নর্দান’ প্রকল্পের সমীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। রুটের নকশার অগ্রগতি ১৬ দশমিক ৭০ শতাংশ। ভূমি অধিগ্রহণের কাজ চলমান। এ রুট বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) নর্দান রুট প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান জানান, পাতাল ও উড়ালের সমন্বয়ে এগিয়ে যাবে মেট্রোরেল। এ রুটের উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই। পরে গাবতলী থেকে দারুসসালাম হয়ে মিরপুর-১, ১০, ১৪ হয়ে কচুক্ষেত। এরপর বনানী থেকে গুলশান-২ হয়ে পৌঁছাবে নতুন বাজার।

সব ঠিক থাকলে ২০২২ সালে প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে। নকশা ও সমীক্ষা রিপোর্ট অনুযায়ী- মেট্রো রেল রুটটি তুরাগ নদীর তলদেশ দিয়ে যাবে। এরপরে ভাটারার আগে গিয়ে উড়ালে উঠবে বলে জানান মো. আফতাব হোসেন খান।

২০২৮ সাল নাগাদ এ রুটের নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে পাতাল হবে ১৩ দশমিক ৫০ কিলোমিটার এবং উড়াল হবে ৬ দশমিক ৫০ কিলোমিটার। পুরো রুটে স্টেশন থাকবে ১৪টি, যার মধ্যে পাতাল অংশে থাকবে নয়টি ও উড়াল অংশে পাঁচটি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!