জেদ্দা-রিয়াদ-দাম্মামগামী বিমান বাংলাদেশের সব ফ্লাইট বাতিল
এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনাভাইরাসের কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেয়ায় সোমবার থেকে এসব ফ্লাইট বাতিল করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
উল্লেখ্য, সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায় সংস্থাটি। এই নির্দেশনা কার্যকর হবে আজ মধ্যরাত থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে। এসময়ে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে।
কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানিয়েছে সংস্থাটি।
করোনা সংক্রমণের গতিবিধি পর্যালোচনা করে পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।