‘আমার কাছে আপনার পর্নোগ্রাফি আছে’ বলে ব্ল্যাকমেইল
‘আমার কাছে আপনার পর্নোগ্রাফি আছে’ বলে বিভিন্ন নারীকে ব্ল্যাকমেইল করতেন এক ব্যক্তি। সবুজ প্রামাণিক নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। শুক্রবার সন্ধ্যায় তেজগাঁওয়ের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে উত্ত্যক্ত করার কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল ইসলাম জানান, সবুজ দীর্ঘদিন ধরে সাংবাদিক ও চিকিৎসকসহ বিভিন্ন নারীদের ব্ল্যাকমেইল ও উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি নারীদের ফোন করে বলতেন যে, তার কাছে তাদের ব্যক্তিগত ও গোপন ভিডিও রয়েছে। এভাবে তাদেরকে হয়রানি ও তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করতো। তার কুপ্রস্তাবে রাজি না হলে তাদের কথিত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতেন সবুজ।
তিনি আরো জানান, সাইবার ক্রাইম বিভাগে একাধিক নারীর অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে সাইবার পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সবুজের কাছে কোনো নারীরই কোনো ভিডিও নেই। তিনি ভিডিও থাকার কথা বলে ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করতেন।
সবুজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠিয়ে ছয় দিনের রিমান্ড চাইবে পুলিশ।