ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

করোনা চিকিৎসা তদারকিতে টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫১, ২৬ জুলাই ২০২০
করোনা চিকিৎসা তদারকিতে টাস্কফোর্স গঠন
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এ সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি তদারকি করতে একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। নয় সদস্যের টাস্কফোর্সে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য) আহ্বায়ক করা হয়েছে।

আদেশে টাস্কফোর্স কমিটিকে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও কমিটির কার্যক্রম বাস্তবায়ন, অগ্রগতি তদারকি করতে বলা হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পর্যন্ত জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকি করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

এ টাস্কফোর্স কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন), স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), অর্থ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) ও আইইডিসিআরের পরিচালক।

আদেশে টাস্কফোর্স কমিটি ৫০ শয্যার বেশি হাসপাতালগুলোতে কাজ করবে বলে জানানো হয়েছে। এছাড়া টাস্কফোর্স কমপক্ষে প্রতি দুই মাসে একবার সভা করবে বলে উল্লেখ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এসআর/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!