মেহেরপুরে ভাবিকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ দেবর গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার ১৩ ঘণ্টার মধ্যেই দেবর আকরাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আকরাম হোসেন একই উপজেলার বামন্দী বাজারের চা বিক্রেতা। বৃহস্পতিবার গভীর রাতে ওই উপজেলার মোমিনপুর ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে আকরাম হোসেন তার ছেলে নাজিম হোসেনকে মারধর করছিলো। ঠেকাতে গেলে বাবা সোলাইমান হোসেন ও মা তহুরা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আকরাম। পরে তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান বড় ভাবি মালা খাতুন। ওই সময় মালা খাতুনের তলপেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেয় আকরাম। গুরুতর আহত মালাকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক মালাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় মামলা করেছেন নিহত মালা খাতুনের চাচা। পরে অভিযান চালিয়ে গভীর রাতে পার্শ্ববর্তী মোমিনপুর ঘাট থেকে আকরাম হোসেনকে আটক করা হয়। ওই সময় তার দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। আকরামকে শনিবার আদালতে পাঠানো হবে।