ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

সবজির দাম কমেছে, মাছ-মুরগিতেও স্বস্তি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১১:১০, ২৬ জুলাই ২০২৪
সবজির দাম কমেছে, মাছ-মুরগিতেও স্বস্তি
ফাইল ফটো

দেশে বেশ কিছুদিন ধরে চলা অস্থিতিশীল পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজারে সরবরাহ কমে গিয়েছিল। তাই বাজারে পণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। বর্তমানে নিত্যপণ্যের সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে।

শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলোতে সব ধরনের সবজি ও মাছের দাম কমেছে। প্রতিটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। দাম কমেছে মুরগিরও। 

উত্তরার আজমপুর কাঁচাবাজার বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী কেজিতে ২০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন কেজিতে ৪০ টাকা কমে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙে ৬০ টাকা, সজনে ১৬০ টাকা এবং শসা ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

এছাড়া ফুলকপি প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, ব্রোকলি ৫০ টাকা, পাকা টমেটোর কেজি প্রকারভেদে ১৪০ থেকে ১৮০ টাকা, গাজর ১০০ টাকা ও লেবুর হালি ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ধনে পাতার কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা, কলমি শাক ১০ টাকা ও পুঁই শাক ৪০ টাকা।  

এদিকে সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর কেজি ৬০ থেকে ৬৫ টাকা। কাঁচামরিচের দাম কেজিতে ১৮০ থেকে ২০০ টাকা কমে প্রকারভেদে ১৬০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও কাঁচা মরিচ ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।  

সপ্তাহ ব্যবধানে কেজিতে ৩০ টাকা কমে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হয়েছিল। সোনালি মুরগি ২৬০ থেকে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিড ২৪০ টাকা, দেশি মুরগি ৬০০ টাকা, লেয়ার লাল মুরগি ৩৪০ টাকা এবং সাদা লেয়ার ৩৩০ টাকা কেজি।  

চলতি সপ্তাহে সব ধরনের মুরগি দাম কমেছে বলে জানিয়েছেন আজমপুর কাঁচাবাজারের মুরগি বিক্রেতা সবুজ মিয়া। তিনি বলেন, সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। দু-একদিনের মধ্যে দাম আরো কমবে। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের হালি ৮৫ টাকা।

বাজারে গরুর মাংসের কেজি ৬৫০ থেকে ৭৮০ টাকা, গরুর কলিজা ৭৮০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংসের কেজি এক হাজার ১৫০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

সপ্তাহ ব্যবধানে মাছের দামও কিছুটা কমেছে। বাজারগুলোতে ৫০০ গ্রাম আকারের ইলিশ মাছের কেজি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা এবং ৭০০ থেকে ৮০০ গ্রামের মাছ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

এছাড়া বাজারে চাষের শিং (আকারভেদে) ৩৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৩৫০ থেকে ৬০০ টাকা, দেশি মাগুরের কেজি ৯০০ থেকে এক হাজার ২০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙাস ১৯০ থেকে ২২০ টাকা ও চিংড়ির দর কেজি ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!