ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

নরম ও তুলতুলে ‘চালের রুটি’ তৈরি পদ্ধতি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ১৭ মার্চ ২০২২
নরম ও তুলতুলে ‘চালের রুটি’ তৈরি পদ্ধতি 
চালের রুটি। ছবি: সংগৃহীত

শবে বরাতে মাংস আর হালুয়ার সঙ্গে চালের রুটি না হলে যেন চলেই না। এই দিন খুশি মনে পরিবারের সবাই এক সঙ্গে মিলে হালুয়া, চালের রুটি বানান। হালুয়া, চালের রুটি শবে বরাতের আনন্দ আরো বাড়িয়ে দেয়।

তবে মাঝে মাঝে চালের রুটি বানাতে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই ঝামেলাটি হলো- রুটি ঠিকমতো কাই না হওয়া। ঠিকমতো যদি রুটি কাই না করা হয়, তবে চালের রুটি ভালোও হয় না। পরে দেখা যায় রুটি শক্ত হয়ে যায়। যা চিবিয়ে খাওয়া কঠিন হয়ে পড়ে। তাই আজ পারফেক্ট চালের রুটি কী করে তৈরি করতে হয়, তাই জেনে নিন-

উপকরণ: চালের গুঁড়া ১.৫ কাপ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো। 

আরো পড়ুন: অল্প সময়ে চুলাতেই তৈরি করুন মজাদার ‘কেক পুডিং’

প্রণালী: প্রথমে একটি হাড়ি চুলায় দিয়ে তাতে পৌনে ২ কাপ পানি নিয়ে গরম করতে হবে। পানি ফুটে আসলে এতে সামান্য লবণ দিয়ে দিন। এবার এতে ১.৫ কাপ চালের গুঁড়া দিয়ে দিন ও ৫ মিনিট মৃদু আঁচে জ্বাল দিয়ে ঢেকে রাখুন। ঢেকে রাখলে চালের গুঁড়া ভালোমতো সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট ঢেকে রাখার পর চুলা থেকে নামিয়ে তারপর কাঠের খুনতি বা কাঠি দিয়ে ভালোমতো নাড়ুন। যদি দরকার হয়, তবে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। এই অবস্থায় ১০ মিনিট রেখে দিন হালকা ঠান্ডা হবার জন্য। খুব বেশি দেরি করা যাবে না। কারণ, গরম গরমই ভালোমতো মথে কাই করতে হবে। যত ভালোভাবে কাই হবে তত ভালো রুটি হবে।

এবার রুটি বানানোর জন্য লম্বা করে রোলের মতন খামির করে ছোট ছোট টুকরো করে নিন। এই চালের আটার টুকরোগুলো গোল বল বানিয়ে তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।এবার পাতলা পাতলা করে রুটি বানিয়ে ফেলুন। অপর দিকে চুলায় তাওয়া দিন গরম হতে। গরম হয়ে গেলে বেলে নেয়া রুটি তাওয়াতে সেকে নিন! ব্যস! হয়ে গেলো আপনার পারফেক্ট চালের রুটি তৈরি! গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল গরুর মাংস বা মুরগির মাংস কিংবা হালুয়ার সঙ্গে। 

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!