নবাবি স্বাদের রেশমি চিকেন মাসালা
সপ্তাহে প্রায় দুই তিন দিন চিকেন ম্যেনুতে থাকেই। মুরগির মাংস দিয়ে নানা পদ রান্না করে খাওয়া হয়। আর এই পদগুলো পছন্দ করেন না এমন মানুষ কমি আছেন। ছোট থেকে বৃদ্ধ সবাই মোটামুটি মুরগির মাংস পছন্দ করেন।
তবে ঝাল- ঝোল কিংবা ভুনা মুরগির মাংস তো প্রায়ই খাওয়া হয়। এবার না হপ্য নবাবি স্বাদেই মন মজুক। এজন্য তৈরি করতে পারেন রেশমি চিকেন মাসালা। নাম শুনে যতটা ঝামেলা মনে হচ্ছে ততটা কিন্তু নয়। খুব সহজ এই পদ রান্না করা। চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: চিকেন লেগ পিস আধা কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, টক দই আধা কাপ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ,আদা রসুন বাটা এক টেবিল চামচ করে, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, ঘি ৪ টেবিল চামচ, ১০টা কাজুবাদাম, এলাচ ও লবঙ্গ ১টা করে, দারুচিনি দুই টুকরা, তেজপাতা ২ টি, গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ,কাসৌরি মেথি এক চা চামচ, স্বাদমতো লবণ,পরিমাণমতো তেল, এক টুকরো জলন্ত কয়লা।
আরো পড়ুন: পূজার ভুরিভোজে পাতে থাকুক মাটন রোগান জোশে
প্রণালী: মুরগির লেগ পিস ভালো করে ধুয়ে একটি পাত্রে রাখুন। এবার দই, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করুন। এবার কড়াই গরম করে তাতে তেল দিন। তেল গরম হয়ে এলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু ভেজে নিন। এবার পেঁয়াজের সঙ্গে কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ ভেজে উঠিয়ে রাখুন।
এবার ভেজে রাখা পেঁয়াজ ও কাজুবাদাম গ্রাইন্ডারে পেস্ট করে নিন। ম্যারিনেট করে রাখা মাংসের পাত্রটির মাঝের দিকটায় একটু ফাঁকা করুন। এবার মাংসের মাঝখানে একটি স্টিলের বাটি রেখে দিন। তাতে একটি জ্বলন্ত ছোট্ট কয়লার টুকরো দিয়ে দিন। কয়লার টুকরোর ওপরে এক চা চামচ ঘি ঢেলে ৩০ মিনিট চাপা দিয়ে দিন।
আরো পড়ুন: পূজায় পাতে থাক ডাবের পায়েস
আধা ঘণ্টা পর কড়াইতে তেল গরম করে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা ভেজে নিন। একটু ভাজা হয়ে গেলে পেষ্ট করে রাখা পেঁয়াজ ও কাজু বাদামের মিশ্রণটি দিয়ে ভালো কষিয়ে নিন। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে অল্প আঁচে কষাতে থাকুন। তারপর গরম মশলা এবং স্বাদমতো লবণ আর পানি দিয়ে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। হয়ে গেলে উপরে কাসৌরি মেথি ছড়িয়ে দিন। এবার দুই মিনিট ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি আপনার রেশমি চিকেন মাসালা।