ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
দুদক

সাবেক বিএফআইইউ প্রধান মাসুদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩০, ২ জানুয়ারি ২০২৫
সাবেক বিএফআইইউ প্রধান মাসুদের বিরুদ্ধে মামলা
মাসুদ বিশ্বাস

বাংলাদেশ ফ্যাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, সাবেক বিএফআইউ প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার সম্পদ বিবরণী তলব করা হয়েছে।

Advertisement

মামলার এজাহারে বলা হয়, সাবেক বিএফআইউ প্রধান মাসুদ বিশ্বাস নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এই অবৈধ সম্পদ ভোগ-দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এর আগে, অক্টোবরে সাবেক বিএফআইইউ প্রধানের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ ১১টি দেশে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

অন্যদিকে, মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক। রাজধানীর বিভিন্ন স্থানে তার নামে একাধিক জমি ও ফ্ল্যাট রয়েছে। যা সম্পদ বিবরণী যাচাইকালে খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!