জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি আব্দুর রশিদ। রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের করা আজ সোমবার ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৮ টাকা আত্মসাতের মামলায় রাজশাহীর কারাগারে পাঠানো হবে তাকে। এ মামলায় গত ১৬ নভেম্বর কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে ‘চাল’ রশিদকে গ্রেফতার করে পুলিশ।
আব্দুর রশিদ ওরফে ‘চাল’ রশিদ দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক ও মিনিকেট চালের অন্যতম জোগানদাতা। তিনি বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতিরও সভাপতি। রশিদের বিরুদ্ধে আতিকুর রহমান রাজশাহী অতিরিক্ত চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৮ টাকা আত্মসাতের মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে গত ২৫ মার্চ ওয়ারেন্ট ও ১৮ সেপ্টেম্বর গ্রেফতারি করোয়ানা জারি করেন আদালত।
.png)
কুষ্টিয়ার জেল সুপার আব্দুর রহিম জানান, কুষ্টিয়া আদালত ২টি মামলায় আব্দুর রশিদকে জামিন দিলেও রাজশাহীর মামলায় তাকে আজ রাজশাহী কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।
পুলিশ জানায়, দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদের বিরুদ্ধে চেক জালিয়াতির তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গত ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন রাজশাহী অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।