ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের চাল সিন্ডিকেটের মূল হোতা রশিদ গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ১৬ নভেম্বর ২০২৪
দেশের চাল সিন্ডিকেটের মূল হোতা রশিদ গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুর রশিদ- ফাইল ফটো

বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ ওরফে চাল রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, আব্দুর রশিদ ওরফে চাল রশিদ দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি। তিনি দেশের চাল সিন্ডিকেটের মূলহোতা। তার ইশারায় দেশে চালের দাম উঠানামা করত। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কুষ্টিয়া সদর থানা সূত্রে জানা গেছে, রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা মামলায় আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। রশিদের বিরুদ্ধে আদালতে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের মামলা করেছিলেন আতিকুর।

মামলায় আতিকুর রহমান উল্লেখ করেন, আব্দুর রশিদ তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল কিংবা টাকা কোনোটাই দিচ্ছিলেন না। পরে রশিদের বিরুদ্ধে মামলা করেন আতিকুর। সেই মামলায় গত ১৭ সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, আব্দুর রশিদের বিরুদ্ধে সিআর ৬৪৩/২৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। আব্দুর রশিদ ও তার পরিবারের সদস্যদর বিরুদ্ধে ঋণখেলাপির দায়ে আদালতে ৬৮টি মামলা করেছে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। বিকেল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!