ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
বেইলি রোডে আগুন

কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারসহ কারাগারে ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ৪ মার্চ ২০২৪
কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারসহ কারাগারে ৪
ফাইল ফটো

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে মৃত্যুর অভিযোগে করা মামলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার এবং চা চুমুক রেস্টুরেন্টের দুই মালিকসহ গ্রেফতারকৃত চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

Advertisement

এর আগে, দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন। তবে আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন আর রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত শনিবার (২ মার্চ) আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন তারা।

গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের ঐ ভবনে আগুন লেগে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। ঐ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!