ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রেলওয়ের পরীক্ষায় জালিয়াতি, কারাগারে ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
রেলওয়ের পরীক্ষায় জালিয়াতি, কারাগারে ৩
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার তিন পরীক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আসামিরা হলেন- ভোলার চরফ্যাশনের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাদা, গাইবান্ধার পলাশবাড়ীর আব্দুস সামাদের ছেলে মো. রুবেল এবং মাগুরার মোহাম্মাদপুরের রেজাউল করিমের ছেলে মো. শিহাব।

রোববার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপর দিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

এর আগে, শনিবার রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে ডেমরা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ সমন্বয় করে ঐ কেন্দ্রে অভিযান চালায়। এ সময় ঐ তিন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ (মাস্টারকার্ড ও ব্লুটুথ) হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, একটি চক্রের সঙ্গে তারা প্রত্যেকে ১৬ লাখ টাকার চুক্তি করে পরীক্ষায় অংশ নেন।

পুলিশ জানিয়েছে, ইলেকট্রনিক ডিভাইসের (মাস্টার কার্ড) মাধ্যমে সিমকার্ড ব্যবহার করে ব্লুটুথ হেডফোনের মাধ্যমে অপর প্রান্ত থেকে উত্তরপত্রের সমাধান করে পরীক্ষার্থীকে পাঠানো হয়।

আটকদের মধ্যে শিহাবের কানের ভেতর এখনো একটি ক্ষুদ্র ম্যাগনেটিক হেয়ারিং ডিভাইস রয়েছে, যা বের করতে বিশেষ যন্ত্রের প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!