ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি: গ্রেফতার দুজন রিমান্ডে 

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৮:০৭, ২৯ জানুয়ারি ২০২৪
মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি: গ্রেফতার দুজন রিমান্ডে 
ফাইল ফটো

মাংস ব্যবসায়ী খলিলুর রহমানকে হত্যার হুমকি ও চাঁদা দাবির ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. নুরুল হক ও মোহাম্মদ ইমন। 

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ওমর ফারুক তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

Advertisement

মামলার সূত্রে জানা যায়, কম দামে মাংস বিক্রি করায় খলিলুর রহমানসহ ন্যায্য মূল্যে মাংস বিক্রেতাদের বিভিন্নভাবে হুমকি দেন মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা। গত ১৮ জানুয়ারি খলিলকে ফোন করে ২৫ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। এ ছাড়া কম দামে মাংস বিক্রি করলে তাকে ও তার ছেলেকে দুই দিনের মধ্যে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।

অভিযোগ উল্লেখ করে গত ২০ জানুয়ারি খলিলুর রহমান শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গত শনিবার রাতে র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা, র‍্যাব-৩ ও র‍্যাব-৪-এর একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুজনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুজন দায় স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। গ্রেফতারকৃত নুরুল হক দীর্ঘদিন ধরে আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করতেন। পরিচিত এক ব্যক্তি খলিলকে ফোনে হত্যার হুমকি দিতে বলেন। বিনিময়ে তিনি ডিশ ও ইন্টারনেট ব্যবসায় ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। নুরুলের কথা মতো খলিলকে ফোনে হুমকি দেন ইমন।

গ্রেফতার নুরুলের নামে ঢাকার আশুলিয়া থানায় হত্যার হুমকি, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধে চারটির বেশি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। ইমন দীর্ঘদিন ধরে নুরুলের ডিশের ব্যবসার কাজে সহায়তা করতেন। 

মাংস ব্যবসায়ী খলিল তার ‘খলিল গোস্ত বিতান’ নামে মাংসের দোকান গত ১৯ নভেম্বর থেকে ৫৯৫ টাকায় প্রতি কেজি মাংস বিক্রি শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সেটা ব্যাপকভাবে সাড়া ফেলে। এরপর আরো কিছু মাংস ব্যবসায়ী প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি শুরু করেন। গত ২২ ডিসেম্বর ভোক্তা অধিদফতর মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন বৈঠক করে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয়।

মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা কিছুদিন আগে রাজশাহীর বাঘার আড়ানি হাটে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি করায় এক মাংস ব্যবসায়ীকে খুন করেছেন বলেও সংবাদ সম্মেলনে র‍্যাব উল্লেখ করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!