ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানবতাবিরোধী অপরাধ: পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ২২ আগস্ট ২০২৩
মানবতাবিরোধী অপরাধ: পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার সাতক্ষীরার শ্যামনগরের তারানিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার, মো. সুরত আলী গাজী।

মঙ্গলবার এ তথ্য জানান এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

Advertisement

তিনি বলেন, ১৯৭১ সালের ২৭ অক্টোবর ভেটখালি-জয়াখালি খেয়াঘাটে রাজাকার আজিজ কমান্ডার ও রাজাকার সুরত আলীর নেতৃত্বে ১০ জনেরও বেশি শরণার্থীকে ধরে হত্যা করা হয়। এছাড়া তাদের নেতৃত্বে ১৯৭১ সালের অক্টোবর মাসে কালিনগর গ্রামের বামাচরণ মণ্ডলের ছেলে সুরেন্দ্রনাথ মণ্ডলসহ কয়েকজন হিন্দু ধর্মালম্বীকে ধরে নিয়ে ধুমঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়।

ঐ ঘটনায় আব্দুল আজিজ ও সুরত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে ১৯৯৬ সালে সাতক্ষীরা জজ আদালতে মামলা করেন সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে টুকু রানী মণ্ডল। ঐ মামলায় গ্রেফতার হওয়ার পর আসামিরা দীর্ঘদিন কারাগারে ছিলেন। এরপর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেন।

পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ার পর বিচার কার্যক্রম শুরু হয়। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ তাদের অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা ২০১৭ সাল থেকে পলাতক জীবনযাপন করে আসছে। সোমবার তাদের গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!