ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
মাদক মামলা

মডেল পিয়াসার বিচার চলছে দ্রুতগতিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩২, ৭ আগস্ট ২০২৩
মডেল পিয়াসার বিচার চলছে দ্রুতগতিতে
মডেল পিয়াসা- ফাইল ফটো

মডেল ও সাবেক টিভি উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান থানায় করা মামলায় অর্ধেকের বেশি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আদালত। ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে মামলাটির বিচারকাজ চলমান রয়েছে। সাক্ষ্যগ্রহণের গতি-প্রকৃতি দেখে প্রতীয়মান হচ্ছে এ বছরের মধ্যেই অনেকটা এগিয়ে যাবে বিচারকাজ। 

সবশেষ গত ১৭ জুলাই ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেন এএসআই জেসমিন আক্তার। বর্তমানে এ পুলিশ কর্মকর্তা রাজধানীর মতিঝিল থানায় কর্মরত আছেন। এদিন তার সাক্ষ্য সমাপ্ত না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন।

জানা গেছে, এ বছরের ১৭ এপ্রিল থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলাটির মোট সাক্ষী ২৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত ১২ জনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। এখন ১৩তম সাক্ষীর সাক্ষ্য চলমান। আগামী কার্যদিবসেই শেষ হতে পারে তার সাক্ষ্য। সাক্ষ্য শুরুর মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই অর্ধেকের বেশি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত। বোঝা যাচ্ছে, দ্রুতগতিতে এগিয়ে চলছে মামলাটির বিচার। 

Advertisement

মামলাটির বিচারকাজ সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম হেলাল বলেন, সাক্ষ্যগ্রহণ চলছে। সাক্ষী উপস্থিত করার দায়িত্ব যেহেতু পুলিশের, সেহেতু বিভিন্ন সময়ে সাক্ষী না আসার বিষয়টি তারা দেখছে। আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। মামলাটির বিষয়ে আমাদের আন্তরিকতার ঘাটতি নেই।

মামলার বাদী ডিবি পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের যে কয়জন সাক্ষী ছিলেন তারা এরই মধ্যে সাক্ষ্য সম্পন্ন করেছেন। বাকি সাক্ষীরা সাক্ষ্য দিচ্ছেন। অনেক সাক্ষী অনেক সময় চাকরির সুবাদে বিভিন্ন জায়গা থাকেন। এজন্য সাক্ষ্যগ্রহণ পেছানোর প্রয়োজন হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। এরপর এ বছরের (২০২৩) ১১ জানুয়ারি আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মোরশেদ আলম। এ মামলায় বর্তমানে জামিনে আছেন মডেল পিয়াসা।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, পিয়াসার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত।

২০২১ সালের আগস্টে মডেল পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ঐ সময় বাসা থেকে ৭৮০টি ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। পরে গুলশান থানায় করা মামলায় তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে তার কাছ থেকে তথ্য পাওয়ার পর গত ঐ বছরের ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ৭ হাজার ২০০ ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।

এ ঘটনায় মডেল পিয়াসা ও তার সহযোগী মিশু হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অধীনে ভাটারা থানায় আরেকটি মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!