ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রাজধানীতে ওষুধ ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৬, ২৪ জুলাই ২০২৩
রাজধানীতে ওষুধ ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে তাজুল ইসলাম আকন (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুনের দায়ে মো. হৃদয় নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৪ এর বিচারক খন্দকার এ টি এম তোফায়েলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের আগে হৃদয়কে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মো. শাহ আলম ভূঁইয়া সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, তাজুল বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার প্রয়াত আব্দুল মালেক আকনের ছেলে। রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর হাজী মসজিদ এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। সেখানে তার একটি ফার্মেসি ছিল। 

২০২০ সালের ১৯ জুলাই বেলা দেড়টার দিকে তাজুল ইসলাম বাসায় ফেরেন। এসে দেখেন রুমের তালা ভাঙা। ভেতরে তিনি হৃদয়কে দেখতে পান। তিনি চোর, চোর বলে চিৎকার করেন। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাজুল ইসলামকে ছুরিকাঘাত করেন হৃদয়। তাজুল ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হন। সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর সময় হৃদয়কে ধরে ফেলেন প্রতিবেশীরা। এরপর তাজুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঐদিনই নিহতের ভাই নুরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার সাব-ইন্সপেক্টর ইকবাল হোসেন খান। ২০২২ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!