ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

শিক্ষার্থী সানজানার ‘আত্মহত্যা’ মামলায় বাবা শাহীন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫২, ১ সেপ্টেম্বর ২০২২
শিক্ষার্থী সানজানার ‘আত্মহত্যা’ মামলায় বাবা শাহীন রিমান্ডে
সানজানার বাবা শাহীন ও সানজানা। ফাইল ফটো

রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন গ্রেফতার আসামি শাহীনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রেজিয়া খাতুন। আবেদনের প্রেক্ষিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এর আগে, ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। ঐদিন সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় চিরকুট উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’ এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে মামলা করেন। এতে ঐ শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে।

জানা যায়, সানজানার বাবা শাহীন আলম গত পাঁচ বছর আগে তাদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর সানজানার মা দুইমাস আগে স্বামীকে ডিভোর্স দেন। এরপর শাহীন আলম সানজানার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসসহ আনুষঙ্গিক খরচ দেওয়া বন্ধ করে দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!