ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

প্রশ্নপত্র ফাঁস: ধুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১০ জন রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ৩০ জানুয়ারি ২০২২
প্রশ্নপত্র ফাঁস: ধুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১০ জন রিমান্ডে 
ছবি: প্রতীকী

সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে করা পৃথক দুই মামলায় বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপাসহ ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম তামান্না ফারাহর আদালত রূপাসহ ছয়জনের চার দিন করে  এবং ঢাকা মহানগর হাকিম আফনান সুমীর আদালত অপর চারজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল হাসান আজাদ, নোমান সিদ্দিকী, আল আমিন আজাদ রনি, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসান।

এর আগে, রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ আলী আসামি রুপা, আল আমিন আজাদ রনি, নাহিদ হাসান, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসানের দশ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি আদালত তাদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
অন্যদিকে কাফরুল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিক আসামি আজাদ, নোমান, তানজির ও শহীদ উল্লাহের দশ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২১ জানুয়ারি দুপুরের পর থেকে রাত পর্যন্ত মিরপুর, কাকরাইল ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ইয়ার ডিভাইস ছয়টি, মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার ছয়টি, ব্যাংকের চেক পাঁচটি, নন জুডিশিয়াল স্ট্যাম্প সাতটি, স্মার্ট ফোন ১০টি, ফিচার মোবাইল ছয়টি, প্রবেশপত্র ১৮টি ও চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র তিনটি সেট উদ্ধার করা হয়।

এরপর গত ২২ জানুয়ারি  ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রুপাসহ ছয়জনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুইদিনের রিমান্ড শেষে ২৫ জানুয়ারি তাদের কারাগারে পাঠানো হয়।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!