ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

জাপানি দুই শিশুর সঙ্গে মা থাকবেন সব সময়, দিনে বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৩, ১ অক্টোবর ২০২১
জাপানি দুই শিশুর সঙ্গে মা থাকবেন সব সময়, দিনে বাবা
ছবি: সংগৃহীত

আগামী ২১ অক্টোবর পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা দুই কন্যাকে নিয়ে গুলশানের ভাড়া করা বাসায় থাকতে পারবেন জাপানি মা নাকানো এরিকো। এ সময়ে বাবা ইমরান শরীফ শুধু দিনের বেলা সন্তানদের সঙ্গে দেখা ও অবস্থান করতে পারবেন। 

বৃহস্পতিবার শিশুদের নিয়ে বাবা-মায়ের মধ্যে সমঝোতা না হওয়ার প্রেক্ষাপটে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে, গতকাল এই মামলা থেকে শিশুদের বাবার পক্ষের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ নিজেকে প্রত্যাহার করে নেন।

এর আগে, ১৬ সেপ্টেম্বর এক শুনানিতে উভয়পক্ষ সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছিলেন আদালত। কিন্তু তারা সমাধানে পৌঁছাতে পারেনি। সমাঝোতা না হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন আদালত।

এই সময়ের মধ্যে উভয়পক্ষ সমঝোতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আদালত। আর এই সমঝোতা করতে দায়িত্ব দেওয়া হয় বাবার পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদকে। আর রোকনউদ্দিন মাহমুদের সঙ্গে এ বিষয়ে বসবেন মায়ের পক্ষের আইনজীবী শিশির মনির।

পরে বুধবার সমঝোতার জন্য দু’পক্ষের আইনজীবীরা আবার বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

এর আগে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত ১ সেপ্টেম্বর থেকে গুলশানের একটি ভাড়া বাসায় থাকছে জাপান থেকে আসা ১০ ও ১১ বছর বয়সী দুই শিশু।

গত ৩১ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন। এ আদেশের অংশবিশেষ সংশোধন চেয়ে কয়েকটি বিষয়ে নির্দেশনা চেয়ে শিশুদের মা গত ৬ সেপ্টেম্বর আবেদন করেন।

ওই আবেদনের শুনানি নিয়ে গত ৮ সেপ্টেম্বর একই বেঞ্চ কয়েক দফা নির্দেশনা দেন। এতে দুই মেয়ের সঙ্গে চার রাত থাকা ও তাদের নিয়ে বাসার বাইরে বেড়াতে যাওয়ার সুযোগ পান মা ও বাবা। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!