জাল টাকা: রিজেন্ট সাহেদ-মাসুদের বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য
গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের ঘটনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও মাসুদ পারভেজের বিরুদ্ধে আরো পাঁচজন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে মোট নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
সাক্ষীরা হলেন- বাংলাদেশ ব্যাংকের উপ- ব্যবস্থাপক এনামুল হক, নির্বাহী পরিচালক আওলাদ হোসেন, জৈনক ইফফাত শারমীন, তারা মিয়া ও শাহীন মিয়া।
এদিন মামলাটির দুই আসামি সাহেদ ও পারভেজকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষ হলে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছেন। একই সঙ্গে মামলার তিন তদন্ত কর্মকর্তাকে সমন দিয়েছেন আদালত।
তারা হলেন-প্রথম তদন্ত কর্মকর্তা কাওছার আহম্মেদ, দ্বিতীয় তদন্ত কর্মকর্তা মিলন কুমার হাওলাদার ও শেষ তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। তারা তিনজনই রাজধানীর উত্তরা পশ্চিম থানার এসআই।
এর আগে ২৪ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। একই সঙ্গে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেন।
তারও আগে গত বছরের ১ নভেম্বর উত্তর পশ্চিম থানার এসআই মোহাম্মদ জাকির হোসেন ১৩ জনকে সাক্ষী করে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার র্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাহেদ ও মাসুদ পারভেজসহ অজ্ঞাতদের আসামি করা হয়।