ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ধর্ষণের শিকার সেই ঢাবি ছাত্রী দিলেন সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৭, ২১ সেপ্টেম্বর ২০২০
ধর্ষণের শিকার সেই ঢাবি ছাত্রী দিলেন সাক্ষ্য
গ্রেফতার মজনু। ফাইল ছবি

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের ঘটনায় ক্যান্টনম্যান্ট থানার মামলায় অভিযুক্ত মজনুর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রী সাক্ষ্য দিয়েছেন। 

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে জবানবন্দি দেন ওই ছাত্রী। এদিন মজনুকেও আদালতে হাজির করা হয়।

পরে মজনুর আইনজীবী রবিউল ইসলাম রবি তাকে জেরা করেন। এরপর আদালত আগামী ২৩ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

এ মামলায় গতকাল রোববার ভুক্তভোগী ছাত্রীর বাবার সাক্ষ্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২১ সাক্ষীর মধ্যে দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।

গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন মজনু। ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া বাসস্ট্যান্ড থেকে মজনুকে গ্রেফতার করে র‌্যাব। ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। 

গত ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। ওই দিনই আদালত মামলাটি পরবর্তী বিচারের জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। 

একই আদালত গত ১৬ আগস্ট মজনুর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। পরে গত ২৬ আগস্ট মজনুর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!